নব্বই দশকের স্মৃতি, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের সোনালি সময়কে ঘিরে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘লাভ ৯৬’। সিনেমাটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এক প্রজন্মের আবেগ, নস্টালজিয়া এবং কিংবদন্তি নায়ক সালমান শাহ-কে ঘিরে কোটি ভক্তের অনুভূতির প্রতিচ্ছবি।
একসময় মানুষের বিনোদনের জগৎ ছিল অনেকটাই ভিন্ন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারে গান শোনা, প্রিয় অনুষ্ঠান শোনার জন্য রেডিওর সামনে বসে থাকা কিংবা পাড়া-মহল্লায় চাঁদা তুলে ভিসিআরে সিনেমা দেখার সেই দিনগুলো এখনও অনেকের মনে গেঁথে আছে। আর ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে সালমান শাহ’র, যিনি অল্প সময়েই হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্বপ্নের নায়ক।
তাঁর স্টাইল, অভিনয় এবং রোমান্টিক উপস্থিতি দর্শকদের মনে আজও আলাদা জায়গা দখল করে আছে। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। সেই শোক আর আবেগের রেশ আজও রয়ে গেছে অসংখ্য ভক্তের হৃদয়ে।
সেই আবেগঘন সময় এবং সালমান শাহ’র এক অন্ধ ভক্তের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। প্রযোজনা করেছে রাইসা ফিল্মস। প্রযোজক মো. জসিম উদ্দিন জানান, দর্শকদের জন্য ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া একটি গল্প উপহার দিতেই এই আয়োজন।
চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এছাড়াও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকারসহ আরও অনেকে।
সিনেমাটির শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে। নির্মাতাদের ভাষ্য, নব্বই দশকের আবহ ও সেই সময়ের অনুভূতি বাস্তবভাবে ফুটিয়ে তুলতেই এমন লোকেশন বেছে নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। গল্পের আবেগঘন উপস্থাপনা ও নির্মাণশৈলীর জন্য বোর্ড সদস্যদের প্রশংসাও পেয়েছে সিনেমাটি।
নির্মাতা ইভান মল্লিকের ভাষায়, ‘লাভ ৯৬’ শুধু একটি সিনেমা নয়, এটি নব্বই দশকের মানুষের অনুভূতি, স্মৃতি আর সালমান শাহকে ঘিরে গড়ে ওঠা ভালোবাসার গল্প।
মুক্তির আগেই ‘লাভ ৯৬’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল। সংশ্লিষ্টদের বিশ্বাস, নব্বইয়ের নস্টালজিয়া আর ভালোবাসার আবেগে ভরপুর এই সিনেমা দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।