এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা ও হুমকির ঘটনায় আবারও আলোচনায় এসেছেন অভিনেতা ও শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তার বিরুদ্ধে হুমকি, অশোভন আচরণ এবং সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
বাচসাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ মে রাত আনুমানিক ১০টার দিকে সংগঠনের দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেন জয় চৌধুরী। একই সঙ্গে তার চাকরি নিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া এই ধরনের হুমকির মুখে পড়েন। শুধু হুমকিই নয়, তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে। বাচসাসের মতে, এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে এবং সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
এছাড়া ১০ মে এফডিসিতে দায়িত্ব পালন করতে যাওয়া বাচসাস সদস্য ও দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকারকেও উদ্দেশ্য করে জয় চৌধুরী আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। সেখানে তিনি নির্বাচনী প্রসঙ্গ টেনে ‘খেলে দেব’ ধরনের মন্তব্য করেন, যা সাংবাদিক সংগঠনটি মাস্তানিসুলভ আচরণ হিসেবে উল্লেখ করেছে।
বাচসাস নেতারা বলেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন। একই সঙ্গে তারা শিল্পী সমিতির প্রতি আহ্বান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য।
এর আগেও ২০২৪ সালে শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জয় চৌধুরীর নাম জড়িয়ে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন বলে জানা যায়। এরপর থেকেই তার বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ ও প্রতিবাদের ধারা অব্যাহত রয়েছে।
নতুন করে আবারও এ ধরনের অভিযোগ সামনে আসায় এফডিসির পরিবেশ এবং শিল্পী–সাংবাদিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।