পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে যখন চারদিকে টানটান উত্তেজনা, ঠিক সেই সময়েই ব্যক্তিগত শোকের খবর জানালেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী তার প্রিয় পোষ্য কুকুর ‘লাকি’ আর নেই।
মঙ্গলবার (৪ জুন) সকালে, যখন দেশজুড়ে ভোটের ফল নিয়ে বিশ্লেষণ চলছিল, তখনই সামাজিক মাধ্যমে লাকির সঙ্গে কাটানো কিছু স্মৃতি শেয়ার করে দেব তার এই ক্ষতির কথা জানান। আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, লাকি ছিল তার জীবনের অন্যতম সেরা সঙ্গী—এবং তাকে শান্তিতে থাকার প্রার্থনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, লাকি শুধু একটি পোষ্য ছিল না; বরং পরিবারের সদস্যের মতোই ছিল। অভিনয় আর রাজনীতির ব্যস্ততার মাঝে বাড়িতে ফিরলেই এই সঙ্গী তাকে অন্যরকম স্বস্তি দিত। ভক্তদের সঙ্গেও নিয়মিত লাকির ছবি ও ভিডিও ভাগ করে নিতেন তিনি।
এদিকে, পশ্চিমবঙ্গের ঘাটাল আসন থেকে টানা জয়ের সম্ভাবনা নিয়ে যখন আলোচনায় ছিলেন এই অভিনেতা-রাজনীতিক, তখন ব্যক্তিগত জীবনের এই শোক যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। তার এমন দুঃসময়ে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছেন।
রাজনীতি ও অভিনয়ের পাশাপাশি দেব একজন পরিচিত পশুপ্রেমী হিসেবেও পরিচিত। ‘লাকি’র পাশাপাশি তার আরও একটি পোষ্য ‘হ্যাপি’ রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই শোক সামলে উঠতে আপাতত সময় নিচ্ছেন তিনি।