বলিউডে আবারও শোকের ছায়া নেমে এসেছে। ‘সারাঙ্গা’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার আর নেই। পরিবার সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১ মে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ২০ এপ্রিল থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর ৩০ এপ্রিল কিছুটা সুস্থতা দেখা দিলে তাকে বাসায় নেওয়া হয়। তবে সেখানেও তাকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছিল।
কিন্তু অবস্থার উন্নতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১ মে হঠাৎ করে তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৩১ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন সুদেশ কুমার। মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করেন তিনি। পরিবারের ইচ্ছা ছিল তিনি চিকিৎসক হবেন, তবে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ।
অভিনয়জীবনের শুরু হয় পৃথ্বীরাজ কাপুরের থিয়েটার দলে যোগ দেওয়ার মাধ্যমে। সেখান থেকেই ধীরে ধীরে বড় পর্দায় আসেন তিনি। ‘সারাঙ্গা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এরপর একাধিক চলচ্চিত্রে কাজ করে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন এই বর্ষীয়ান অভিনেতা।
তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানিয়েছে, আজ ৪ মে বিকেল ৪টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।