বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন এক আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। প্রথমবারের মতো আয়োজিত ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কে, তা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন সেরা ১০ প্রতিযোগী। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপক তাহসান খান।
‘ভয়েস অব বাংলাদেশ’ শিরোনামের এই আয়োজনের প্রযোজনায় রয়েছে বঙ্গ। চূড়ান্ত পর্বে ১০ প্রতিযোগীর পরিবেশনার পাশাপাশি থাকবে পাঁচ সদস্যের বিচারক প্যানেলের মূল্যায়ন এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকদের ভোট। সব মিলিয়ে এই আয়োজনের মধ্য দিয়েই নির্ধারিত হবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কে বা কোন দল প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে থাকা সেরা ১০ প্রতিযোগী হলেন—কৃষান বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শারৎ, নুসরাত জাহান (কৃতি), ভিনটেজ থিওরি, বিটমসফিয়ার এবং দি কুশিয়ারা ওয়েভস।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মূল্যায়নে থাকছেন সংগীত ও সংস্কৃতি অঙ্গনের পাঁচ পরিচিত মুখ। বিচারক প্যানেলে রয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ ও শওকত আলী ইমন।
এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে বঙ্গের মাধ্যমে। একই সঙ্গে টেলিভিশনে দেখা যাবে এনটিভির পর্দায়। ফলে দেশের দর্শকদের পাশাপাশি বিদেশে থাকা সংগীতপ্রেমীরাও ঘরে বসে সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের এই চূড়ান্ত লড়াই।
শুধু অনলাইনে বা টেলিভিশনে দেখার সুযোগই নয়, দর্শকদের জন্য সরাসরি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার সুযোগও থাকছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। যারা সরাসরি উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করতে চান, তারা আয়োজকদের অফিশিয়াল অনুষ্ঠান পেজের মাধ্যমে নিবন্ধন করে অংশ নিতে পারবেন।
চূড়ান্ত পর্বের বিজয়ী একক শিল্পী কিংবা ব্যান্ড দল আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-এর মূল চূড়ান্ত আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ফলে ৩০ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালেই ঠিক করে দেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কে গান করবেন।
গ্র্যান্ড ফিনালের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে প্রতিযোগিতার বিষয়ভিত্তিক গান ‘ভয়েস অব বাংলাদেশ’। বঙ্গের প্রকাশ করা এই গানকে ঘিরেও সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় বঙ্গের মাধ্যমে সরাসরি দেখা যাবে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। একই সময়ে এনটিভির পর্দাতেও সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। আর সরাসরি অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে আগ্রহীরা আয়োজকদের অফিশিয়াল অনুষ্ঠান পেজে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার সম্প্রচার, ভোটিং ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে বঙ্গের অফিশিয়াল ওয়েবসাইট www.bongobd.com-এ।
সব মিলিয়ে ৩০ সেপ্টেম্বরের রাতটি হতে যাচ্ছে দেশের সংগীতাঙ্গনের জন্য বিশেষ এক আয়োজন। সেরা ১০-এর মধ্য থেকে কে অর্জন করবেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ, সেই উত্তর মিলবে গ্র্যান্ড ফিনালের মঞ্চেই।