নব্বইয়ের দশকের শৈশব মানেই টেলিভিশনের পর্দায় ‘শক্তিমান’-এর জাদু। সেই সুপারহিরো চরিত্রে অভিনয় করা মুকেশ খান্না আজও বহু দর্শকের কাছে আবেগের নাম। সম্প্রতি বড় পর্দায় ‘শক্তিমান’ নির্মাণে রণবীর সিংকে নিয়ে আপত্তি জানিয়ে আবারও আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার সিনেমা নয়, নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোড়ন তুলেছেন এই ৬৭ বছর বয়সী অভিনেতা।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তার অবিবাহিত থাকার কারণ জানতে চাওয়া হলে মুকেশ খান্না খোলামেলা জবাব দেন। তিনি জানান, বিয়ে নামের প্রতিষ্ঠানটির প্রতি তার গভীর আস্থা রয়েছে। অনেকেই ভাবেন, তিনি বিয়ে করেননি মানে হয়তো এ ব্যবস্থায় বিশ্বাস করেন না—কিন্তু বাস্তবতা ভিন্ন। তার মতে, বিয়ে হচ্ছে দুই আত্মার মিলন, যা নির্দিষ্ট সময়েই ঘটে।
তিনি বলেন, “মানুষের জীবনে কখন সঙ্গীর আগমন হবে, তা আগে থেকে নির্ধারণ করা যায় না। ভাগ্যে থাকলে এতদিনে বিয়েটা হয়ে যেত।” শাস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, স্ত্রীর আগমন পূর্বনির্ধারিত এবং তা মানুষের জীবনের কর্মফলের সঙ্গেও যুক্ত।
ভালোবাসা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা। তার ভাষায়, সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে, বাকিটা শুধু মোহ। একাধিক সম্পর্কে জড়ানোকে তিনি সমর্থন করেন না এবং এটিকে প্রকৃত পুরুষত্বের লক্ষণ বলেও মনে করেন না।
তবে ভবিষ্যৎ নিয়ে তিনি এখনো আশাবাদী। মুকেশ খান্নার বিশ্বাস, তার জন্য নির্ধারিত মানুষ কোথাও না কোথাও আছেন। সঠিক সময় এলে হয়তো তার সঙ্গেই দেখা হবে।