আসন্ন ঈদুল ফিতর ২০২৭–এ মুক্তির অপেক্ষায় থাকা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝামেলা’–এর সংবাদ সম্মেলন জমে উঠল তারকাদের উপস্থিতিতে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা ছবিটির সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
বিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন দিয়া জেসমিন রইস। পরিচালক ইয়ামিন ইলান জানান, ‘ঝামেলা’র শুটিং, সম্পাদনা, ডাবিং এবং সবকটি গানের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে ভারতের একটি স্টুডিওতে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম)–এর কাজ চলছে। এই কাজ শেষ হলেই মুক্তির আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, অভিনেত্রী তানজিকা আমিন, কাজী নওশাবা আহমেদ, চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা আবু হুরায়রা তানভীর, সনি রহমান, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি।
নির্মাতা ইয়ামিন ইলান আরও বলেন, ‘ঝামেলা’ রহস্য, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত একটি ভিন্নধর্মী বাণিজ্যিক চলচ্চিত্র। অন্যদিকে প্রযোজক দিয়া জেসমিন রইস আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদ ২০২৭–এ দর্শকদের জন্য একটি মানসম্মত ও উপভোগ্য সিনেমা উপহার দিতেই তাদের এই আয়োজন।
সংবাদ সম্মেলন শেষে ছবির শিল্পী ও কলাকুশলীরা ‘ঝামেলা’র সফল মুক্তি কামনা করেন।