• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সালমান শাহর মৃত্যু: রিজভীর বক্তব্য নিয়ে যা বললেন শাবনূর

ডেস্ক নিউজ / ৪৬ পঠিত
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

‘সালমান শাহর সঙ্গে সম্পর্ক’, ‘ব্ল্যাকমেইল’ কিংবা ‘রিজভীর সঙ্গে বিয়ে’—সালমান শাহর মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা এসব অভিযোগের একটিও সত্য নয় বলে দাবি করেছেন চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরে রিজভী আহমেদ ওরফে ফরহাদের বক্তব্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম জানতে পারেন তিনি। অথচ সম্প্রতি রিজভীর বিভিন্ন সাক্ষাৎকারে এমন কিছু দাবি করা হয়েছে, যার সঙ্গে তার নিজের জানা তথ্যের কোনো মিল নেই।

শাবনূরের দাবি, একসময় সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন রিজভী। পরে তিনি রাজসাক্ষীও হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই অবস্থান থেকে সরে গিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন। সাম্প্রতিক বক্তব্যেও একই ধরনের দাবি করেছেন তিনি।

এখানেই শেষ নয়। শাবনূরের অভিযোগ, সালমান শাহর মৃত্যুর জন্য তার মা নীলা চৌধুরী এবং তাকেও দায়ী করেছেন রিজভী। এমন বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে অভিনেত্রী বলেন, রিজভীর কথাবার্তায় ধারাবাহিকতারও অভাব রয়েছে।

নিজের সঙ্গে রিজভীর পরিচয় বা যোগাযোগের বিষয়টিও সরাসরি অস্বীকার করেছেন শাবনূর। রিজভীর দাবি অনুযায়ী, ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছিল। শাবনূরের ভাষ্য, এই দাবি পুরোপুরি মিথ্যা। কারণ ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভীকে তিনি চেনেনই না।

বিষয়টি নিয়ে রসিকতা করে শাবনূর লিখেছেন, তার সঙ্গে বিয়ের এমন দাবি শুনে মনে হচ্ছে বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।

সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা অভিযোগ উঠেছে বলে উল্লেখ করেন শাবনূর। বিশেষ করে তাকে ব্ল্যাকমেইল করার যে দাবি করা হয়েছে, সেটিও প্রত্যাখ্যান করেছেন তিনি। তার মতে, এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, একই সঙ্গে মানহানিকরও।

তবে ব্যক্তিগত অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি শাবনূর। বরং সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন করে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

শাবনূরের কাছে সালমান শাহ ছিলেন শুধু পর্দার জনপ্রিয় নায়ক নন, ছিলেন প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। তাই তার অকালমৃত্যুর ঘটনা আজও তাকে কষ্ট দেয় বলে জানান অভিনেত্রী।

নিজের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতা না রেখে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়েও তার কোনো ধারণা নেই।

সত্য উদঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের ওপরই জোর দিয়েছেন শাবনূর। তার দাবি, তদন্তের মাধ্যমে যদি সালমান শাহর মৃত্যুর ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ