• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বইয়ের সুবাসে মুগ্ধ দর্শক, প্রশংসায় ভাসছে ‘বই পোকা’

নিজস্ব প্রতিবেদক / ২৪ পঠিত
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

কোরবানির ঈদে মুক্তি পাওয়া অসংখ্য কমেডি ও ট্রেন্ডনির্ভর নাটকের ভিড়ে ব্যতিক্রমী গল্প ও সামাজিক বার্তা নিয়ে দর্শকদের নজর কেড়েছে বিশেষ নাটক ‘বই পোকা’। গত ২ জুন ইউটিউবের ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি মাত্র এক সপ্তাহেই মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। তবে ভিউয়ের চেয়েও বেশি প্রশংসিত হচ্ছে এর গল্প, নির্মাণশৈলী এবং সময়োপযোগী বার্তা।

আকবর হায়দার মুন্নার গল্পভাবনায় লিমন আহমেদের রচনা এবং তপু খানের পরিচালনায় নির্মিত নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছে বইপ্রেমী দুই তরুণ-তরুণী। বইয়ের প্রতি ভালোবাসা থেকেই তাদের পরিচয়, আর সেই সূত্র ধরে গড়ে ওঠে এক আত্মিক সম্পর্ক। তবে তাদের জীবনের সবচেয়ে বড় মিল হলো, দুজনের পরিবারই সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত।

নাটকে অত্যন্ত সূক্ষ্ম ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে, কীভাবে লাইক, কমেন্ট ও ভার্চুয়াল জনপ্রিয়তার নেশা মানুষের বাস্তব সম্পর্কগুলোকে দুর্বল করে দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রজন্মের বই থেকে দূরে সরে যাওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে গল্পে।

নির্মাতা তপু খানের মতে, নাটকটির মূল উদ্দেশ্য ছিল দর্শকদের বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দেওয়া। গল্পকার আকবর হায়দার মুন্নাও মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত প্রভাব আজ পারিবারিক ও সামাজিক সম্পর্কের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। তাদের পাশাপাশি আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজী সিদ্দিকী এবং বিশেষ একটি চরিত্রে তারিক আনাম খান অভিনয় করেছেন।

বর্তমান সময়ে যখন মানুষ ক্রমশ ভার্চুয়াল জগতে ডুবে যাচ্ছে, তখন ‘বই পোকা’ মনে করিয়ে দেয় বইয়ের গুরুত্ব, সম্পর্কের উষ্ণতা এবং বাস্তব জীবনের সৌন্দর্যের কথা। আর সে কারণেই নাটকটি দর্শকদের কাছে শুধু বিনোদন নয়, হয়ে উঠেছে ভাবনারও একটি উপলক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category