ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। সকাল থেকেই বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যু সংক্রান্ত ভুয়া খবর প্রচার হতে থাকে, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তবে কিছুক্ষণের মধ্যেই সেই গুজবের অবসান ঘটে। দুপুর ১টা ৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নির্মাতা সকাল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তানিয়া বৃষ্টি। তার সেই পোস্টই প্রমাণ করে, তিনি সুস্থ আছেন এবং মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, তানিয়া বৃষ্টি জীবিত এবং বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রাম নিচ্ছেন।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর তার কয়েকটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি লিখেছিলেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
একই পোস্টে দ্রুত সুস্থ হয়ে অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানান তানিয়া বৃষ্টি। তিনি লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।
উল্লেখ্য, অসুস্থতার কারণে বর্তমানে শুটিং থেকে দূরে থাকলেও এবারের ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক প্রচারিত হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এসব নাটকের কাজ শেষ করেছিলেন তিনি।