• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

তিন দশকের অভিনয়জীবন, এখনও স্বপ্নের চরিত্রের অপেক্ষায় লিপু মামা

এম.আর.জে শান্ত / ১৪ পঠিত
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

বাংলা শোবিজ অঙ্গনের পরিচিত মুখ শফিকুল ইসলাম লিপু, যিনি দর্শকদের কাছে ‘লিপু মামা’ নামেই বেশি পরিচিত। দীর্ঘ ৩০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই শিল্পী নাটক, সিনেমা ও মঞ্চে নিজের স্বতন্ত্র উপস্থিতির মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার, ঝিটকা অঞ্চল কৌড়ি গ্রামে জন্মগ্রহণ করা লিপু এসএসসি পাস করার পর জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। বাবার মৃত্যুর কারণে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর জীবিকার সন্ধানে ঢাকায় এসে ধীরে ধীরে জড়িয়ে পড়েন অভিনয় জগতে।
অভিনয়ের শুরু অবশ্য আরও আগে। ১৯৮৬ সালে ‘কে দস্যু’ মঞ্চনাটকে শিশু শিল্পী হিসেবে পথচলা। সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়। পরবর্তীতে কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘রংধনু’ নাটকের মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক ঘটে তার। আর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে।
তিন দশকের অভিনয় জীবনে তিনি এক হাজারেরও বেশি নাটক এবং আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে প্রায় ৯০০-এর বেশি একক নাটকে কাজ করেছেন তিনি। বিশেষ করে ঈগল মিউজিকের বিভিন্ন নাটক ও কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন।
লিপু জানান, অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও একটি আক্ষেপ এখনও রয়ে গেছে। তিনি বলেন, বিধ্বস্ত বা অসহায় একজন বাবার চরিত্রে কাজ করার ইচ্ছা অনেক দিনের। এমন একটি চরিত্রে নিজেকে তুলে ধরতে পারলে ভালো লাগবে।
ঈগল টিমে তার যুক্ত হওয়ার গল্পও বেশ আগ্রহের। তিনি বলেন, মোরশেদ খান হিমেলের মাধ্যমে আমি ঈগল টিমে যুক্ত হই। এরপর থেকেই আমার পরিচিতি ও জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। বর্তমানে ঈগলের সঙ্গে নিয়মিত কাজ না করলেও বাইরের বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। তবে ঈগল টিম থেকে ডাক পেলে আবারও কাজ করতে চাই।
নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে লিপুর পরামর্শ, অভিনয়ে আসার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করা জরুরি। তার ভাষায়, অভিনয় একটি শিল্প, কিন্তু শুধু শিল্পের ওপর নির্ভর করে জীবন চালানো কঠিন। অভিনয়ের পাশাপাশি চাকরি বা ব্যবসার মতো অন্য কোনো পেশার সঙ্গেও যুক্ত থাকা উচিত। কারণ আমরা বিনোদনের জন্য কাজ করি, এটি মানুষের মনের খোরাক হলেও বাস্তব জীবনের প্রয়োজনও মাথায় রাখতে হবে।
দীর্ঘ ৩০ বছরের পথচলার পরও অভিনয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছেন শফিকুল ইসলাম লিপু। দর্শকদের ভালোবাসাকেই তিনি নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category