ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র তছনছ। ঢালিউডের বাণিজ্যিক ধারার জনপ্রিয় নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক। আর সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে একটি আইটেম গানে পারফর্ম করেছেন মডেল অভিনেত্রী অন্যনা প্রিয়া।
অ্যাকশন, রোমাঞ্চ, পারিবারিক আবেগ এবং সামাজিক বার্তার সমন্বয়ে নির্মিত হয়েছে ‘তছনছ’। ঈদে দর্শকরা সাধারণত বড় পরিসরের বাণিজ্যিক ও অ্যাকশনধর্মী সিনেমা দেখতে পছন্দ করেন। সেই দর্শকচাহিদাকে মাথায় রেখেই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি সাজিয়েছে ভিন্ন মাত্রায়। নির্মাতাদের বিশ্বাস, ঈদের বিনোদনে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ।
মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন কমল সরকার। সিনেমাটিতে মুন্না খান ও ববি হকের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা সানু, তানভীর তনু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠুসহ আরও অনেকে।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার এবং একটি রোমান্টিক গান। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে অ্যাকশন দৃশ্য, সংলাপ এবং বড় আয়োজনে নির্মাণের বিষয়টি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।
এদিকে ‘তছনছ’ সিনেমার আইটেম সং “আমায় দেখে পাশের মানুষ” নিয়ে বেশ উচ্ছ্বসিত নবাগত অভিনেত্রী অন্যনা প্রিয়া। এটি তার অভিনয় জীবনের প্রথম চলচ্চিত্র। প্রথম সিনেমাতেই বড় বাজেটের একটি বাণিজ্যিক সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

অন্যনা প্রিয়া বলেন, এত বড় বাজেটের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। বিশেষ করে ‘আমায় দেখে পাশের মানুষ’ গানটিতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, প্রেক্ষাগৃহে দর্শক গানটি দারুণভাবে উপভোগ করবেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে ‘তছনছ’। সিনেমাটির অ্যাকশন, গল্প এবং গান দর্শকদের মনে রাখার মতো হবে বলেই আমার বিশ্বাস। ভবিষ্যতেও এমন বড় আয়োজনে নির্মিত সিনেমায় কাজ করতে চাই।
ঈদকে ঘিরে বড় পর্দায় জমজমাট লড়াইয়ের মধ্যেই মুক্তি পাচ্ছে ‘তছনছ’। এখন দেখার বিষয়, দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে বদিউল আলম খোকনের এই নতুন আয়োজন।