• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

‘ছুটির গল্প’ পডকাস্টে শহীদুজ্জামান সেলিম-রোজি সিদ্দিকী দম্পতি

ডেস্ক নিউজ / ২৩ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নতুন এক আয়োজন নিয়ে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ছুটি কক্সবাজারের উদ্যোগে আয়োজিত এই শোর উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন জনপ্রিয় তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তাদের প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়।

গত রোববার রাতে রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে ভ্রমণ ও লাইফস্টাইলভিত্তিক পডকাস্টটির প্রথম পর্ব রেকর্ড করা হয়। শুরু থেকেই সেলিম-রোজি দম্পতির দীর্ঘ দাম্পত্য জীবন, অভিনয় জীবনের অভিজ্ঞতা, দেশ-বিদেশ ভ্রমণের স্মৃতি এবং অতিথিসেবার নানা দিক উঠে আসে গল্পের আকারে।

সঞ্চালক হিসেবে ছিলেন আরমান পারভেজ মুরাদ। আলাপচারিতায় রোজি সিদ্দিকী বলেন, এমন প্রাণবন্ত আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের পর্বগুলোও দর্শকরা উপভোগ করবেন এবং এমন উদ্যোগের পাশে থাকবেন।

শহীদুজ্জামান সেলিম বলেন, ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতা ও পরিকল্পনার ছাপ রয়েছে। ‘ছুটির গল্প’ সেই ধারাবাহিকতারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মিজানুর রহমান দম্পতিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন এবং চুক্তিপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদে তাদের ইউটিউব চ্যানেলে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব প্রকাশ করা হবে। ভবিষ্যতে এই পডকাস্ট শুধু স্টুডিওতে সীমাবদ্ধ না থেকে পাহাড়, সমুদ্র ও প্রকৃতির নানা লোকেশনে শুট করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশনা দিয়ে মুগ্ধ করেন সংগীতশিল্পী রিজিয়া পারভিন। পুরো আয়োজনের কনসেপ্ট ও ইভেন্ট পার্টনার ছিল ইষ্টিশন কমিউনিকেশন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category