• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

জামিন পেলেন আসাদুজ্জামান নূর 

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ওইদিন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার (১৭) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। এ মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশ ওই মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category