হলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে তারকাদের ব্যক্তিগত জীবন অনেক সময়ই থাকে গভীর সংকট আর না বলা গল্পে ভরা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী হেইডেন পানেটিয়ার। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় থাকলেও ব্যক্তিগত জীবনে তাকে পার হতে হয়েছে নানা চড়াই-উতরাই।
২০১৪ সালে বিয়ে ছাড়াই সন্তানের মা হয়ে প্রথম বড় বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। সাবেক বাগদত্তা ভ্লাদিমির ক্লিচকো-র সঙ্গে তার সম্পর্ক তখন নিয়মিত শিরোনামে ছিল। তবে সন্তানের জন্মের কয়েক বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক। ২০১৮ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন পানেটিয়ার। পরবর্তীতে অভিনেতা মাইলো ভেন্টিমিগ্লিয়া এবং ব্রায়ান হিকারসন-এর সঙ্গে সম্পর্কেও জড়ান তিনি। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেছেন এই অভিনেত্রী। দীর্ঘ ৩৬ বছর নীরব থাকার পর প্রথমবারের মতো প্রকাশ্যে জানান, তিনি উভকামী। শুধু তাই নয়, অতীতে নারীদের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন বলে স্বীকার করেন পানেটিয়ার।

অভিনেত্রীর ভাষায়, এই প্রথমবার আমি জোর দিয়ে বলতে পারছি, হ্যাঁ, আমি উভকামী।
তিনি জানান, তারকা হওয়ার কারণে সবসময় পাপারাজ্জিদের নজরদারিতে থাকতে হতো। ফলে কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়ালেও বিষয়টি গোপন রাখার চাপ কাজ করত। একইসঙ্গে পরিবার ও সামাজিক পরিবেশের কারণেও নিজের পরিচয় প্রকাশ করতে ভয় পেতেন তিনি।

কেন এত বছর পর সত্যটি প্রকাশ করলেন, সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন পানেটিয়ার। তার ভাষ্য, ছোটবেলা থেকেই তাকে একটি নির্দিষ্ট ‘ইমেজ’-এর মধ্যে বড় করা হয়েছে। নিজের মতো করে বাঁচার সুযোগ খুব কমই পেয়েছেন। পরে যখন অনেক নারী নিজেদের উভকামী পরিচয় প্রকাশ করতে শুরু করেন, তখন বিষয়টিকে সাময়িক ট্রেন্ড হিসেবে দেখতেন তিনি। এ কারণে নিজের সত্যিটা প্রকাশ করলে মানুষ ভুল বুঝতে পারে বলেও আশঙ্কা ছিল তার।
ব্যক্তিগত জীবনের নানা সংকট, সম্পর্কের ভাঙন এবং মানসিক লড়াইয়ের পরও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেননি এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘স্ক্রিম সিক্স’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তিনি।