ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এই ফলাফলকে কেন্দ্র করে টলিউড অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
নির্বাচনের পর এবার সরাসরি বিজেপিকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নতুন সরকারকে অভিনন্দন জানান এবং জনগণের রায়কে স্বাগত জানান।
তিনি লেখেন, তার অন্তরের অন্তস্থল থেকে নতুন সরকার গঠনকারীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনী ফলাফলকে তিনি জনগণের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
কাঞ্চন মল্লিকের ভাষ্য অনুযায়ী, এই পরিবর্তনের পেছনে মানুষের দীর্ঘদিনের অভিযোগ, না পাওয়া এবং হতাশা কাজ করেছে। তার মতে, ভোটের মাধ্যমে জনগণ তাদের অসন্তোষের প্রতিফলন ঘটিয়েছে।
নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মাধ্যমে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই হবে মূল দায়িত্ব। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ও হিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার আহ্বান জানান।
উল্লেখ্য, একসময় তৃণমূল কংগ্রেসের সক্রিয় মুখ ছিলেন কাঞ্চন মল্লিক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। তবে পরবর্তীতে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা বিতর্কে তার নাম আলোচনায় আসে।
চলতি নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়া এবং প্রচারেও তাকে সক্রিয়ভাবে দেখা না যাওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়। নির্বাচনের ফল ঘোষণার পর তার বিজেপিকে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ইতিবাচক হিসেবে দেখলেও, অনেকে সমালোচনাও করেছেন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হয়—প্রথম ধাপ ২৩ এপ্রিল এবং দ্বিতীয় ধাপ ২৯ এপ্রিল। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে বিজেপি ২০৬টি আসনে জয় পায়, আর তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে সীমাবদ্ধ থাকে।