বাংলাদেশের রকসংগীতের পরিচিত মুখ নগরবাউলখ্যাত জেমস—মঞ্চে যার গিটার দাপটে ভক্তরা মুগ্ধ হন বারবার। তবে এবার ভিন্ন এক রূপে সামনে এলেন তিনি। গিটার নয়, হাতে ড্রামস্টিক; আর পাশে তার ছোট ছেলে জিবরান আনাম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছেলেকে ড্রামস বাজানোর প্রাথমিক বিষয়গুলো শেখাচ্ছেন জেমস। খুব স্বাভাবিক, ঘরোয়া পরিবেশে ধৈর্য আর মমতায় জিবরানকে শেখাচ্ছেন তিনি—যা ভক্তদের নজর কেড়েছে বেশ।
ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় চলছে আলোচনা। অনেকেই মন্তব্যে জানাচ্ছেন ভালোবাসা ও শুভকামনা। কেউ লিখেছেন, বাবার হাতে হাতেখড়ি—ভবিষ্যতে বড় সংগীতশিল্পী হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। আবার কেউ মজা করে বলছেন, নতুন প্রজন্মের আরেক তারকার অপেক্ষা শুরু হয়ে গেছে।
এই বাবা-ছেলের সংগীতময় মুহূর্ত এখন ভক্তদের কাছে বিশেষ এক আবেগের জায়গা তৈরি করেছে। জিবরান আনাম কি বাবার পথ ধরেই সংগীতে নিজের পরিচয় গড়বেন—এমন প্রশ্নও ঘুরছে অনেকের মনে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। এটি তার তৃতীয় বিয়ে। নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।