• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

রোমের হোটেল বিতর্কে মুখ খুললেন জেমসের ম্যানেজার

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রোমে কনসার্ট শেষ করে হোটেল রুম নোংরা রেখে যাওয়ার অভিযোগে আলোচনায় এসেছে জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও এর ভোকালিস্ট জেমসের সফরসঙ্গীরা। তবে এই অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ বলে উড়িয়ে দিয়েছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যায়, ইতালির রোমের একটি হোটেলের অ্যাপার্টমেন্ট অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, কক্ষটি পরিষ্কার করতে অতিরিক্ত ২০০ ইউরো ব্যয় হবে এবং সেই অর্থ আয়োজকদের পরিশোধ করতে হবে।

গণমাধ্যমকে রবিন জানান, জেমস ও তাঁর টিম মোট চারটি কক্ষে অবস্থান করেছিলেন। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে, আর তিনি নিজে ছিলেন ২৪৬ নম্বর কক্ষে। হোটেল কর্তৃপক্ষ যে ৫৪৯ নম্বর কক্ষের কথা বলছে, সেখানে অন্য একজন সংগীতশিল্পী ছিলেন।

রবিনের ভাষ্য, জেমস ওই কক্ষে ছিলেন না। একজনের কক্ষের অবস্থার দায় জেমসের ওপর বর্তায় না। পাশাপাশি কর্তৃপক্ষকে না জানিয়ে হোটেল ত্যাগ করার অভিযোগও অস্বীকার করেন তিনি।

এদিকে নতুন করে আরেকটি অভিযোগ তুলেছেন ইতালির কনসার্ট আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ। তাঁর দাবি, কনসার্টের অগ্রিম অর্থ ও টিকিট বিক্রির পুরো টাকা রবিন নিজের কাছেই রেখেছেন এবং আয়-ব্যয়ের হিসাব দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি অবৈধ হুন্ডির মাধ্যমে অর্থ দেশে পাচারের অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে রবিন বা জেমসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রোমে একটি কনসার্টে অংশ নেন জেমস ও তাঁর দল। অনুষ্ঠান শেষে তাঁরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের অ্যাপার্টমেন্ট ছাড়ার পরই হোটেল কক্ষের পরিচ্ছন্নতা নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ