• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

আর্জেন্টিনার দাপুটে জয়ে উচ্ছ্বসিত দেশের তারকারা

ডেস্ক নিউজ / ৬৯ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর উৎসব। বুধবার (১৫ জুলাই) রাতে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দেশের শোবিজ অঙ্গনেও। লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেদের দুর্দান্ত জয়ে আনন্দে ভাসেন অভিনেতা-অভিনেত্রী ও তারকা ব্যক্তিত্বরা।

নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন চঞ্চল চৌধুরী, পরীমণি, পূর্ণিমা, নাদিয়া, ইরফান সাজ্জাদসহ অনেক মেসি-ভক্ত তারকা। কেউ রসিকতা করেছেন, কেউ প্রকাশ করেছেন আবেগ, আবার কেউ আগাম ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী বরাবরের মতোই রসবোধে ভর করে নিজের প্রতিক্রিয়া জানান। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ওগো তুমি ওঠো, একটা গোল-টোল দাও! কমিটি-টমিটি নিয়ে ঐসব আপঝাপ কথা বলে পাড়ার মানুষকে আর কত বুঝ দেবো বলো?’ পাশাপাশি একটি জনপ্রিয় বাংলা সিনেমার দৃশ্য দিয়ে তৈরি মিমও শেয়ার করেন তিনি। পরে আরেক পোস্টে পরাজিত দলের প্রতি সহমর্মিতা জানিয়ে লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো, আগে যারা হেরেছে তাদের সান্ত্বনা দাও।’

আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক চিত্রনায়িকা পূর্ণিমাও আনন্দ প্রকাশ করে লেখেন, ‘চ্যাম্পিয়নদের পাশেই আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। এখন অপেক্ষা শেষ লড়াইয়ের।’

চিত্রনায়িকা পরীমণির পোস্টও নেটিজেনদের নজর কাড়ে। ম্যাচের আগে তিনি মজা করে বলেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেমিফাইনাল জয়ের পর হ্যারি কেনের ছবি পোস্ট করে পরী লেখেন, ‘হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

অন্যদিকে খেলা দেখতে সরাসরি গ্যালারিতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নাদিয়া। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘কোনো তাবিজ, কুফা লাগানোর চেষ্টায় কাজ হবে না। প্রথমার্ধে আর্জেন্টিনা কিছুটা চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মাত্র ৬ মিনিট ৩৭ সেকেন্ডের ব্যবধানে দুটি অসাধারণ গোল। আমরা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে। ভামোস আর্জেন্টিনা!

মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদও ভিডিও বার্তার মাধ্যমে উদযাপনে শামিল হন। ভিডিওতে তিনি একদিকে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজার খোঁচা দেন, অন্যদিকে নিজের প্রিয় দলের ফাইনালে ওঠার আনন্দ প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!

আর্জেন্টিনার এই জয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের এমন উচ্ছ্বাস প্রমাণ করে, বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর উদযাপনেরও নাম।

 

ছবি: কালবেলা অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ