কোমরের দুলুনি আর মিষ্টি হাসির ইমেজ পেছনে ফেলে এবার পূর্ণাঙ্গ অ্যাকশন স্পাই চরিত্রে হাজির হচ্ছেন আলিয়া ভাট। টিজারে তার আভাস মিলেছিল, আর বুধবার প্রকাশিত ‘আলফা’র আড়াই মিনিটের ট্রেলার সেই প্রত্যাশাকে আরও উসকে দিল। ট্রেলারে আলিয়াকে দেখা গেছে সৌন্দর্য ও ক্রোধের এক বিস্ফোরক মিশেলে, যেন শিকারের অপেক্ষায় থাকা এক দুর্ধর্ষ যোদ্ধা।
ট্রেলারের শুরুতেই দেখা যায় ছোট্ট আলিয়াকে সীতারূপে। তাকে কঠোর হাতে গড়ে তুলছেন বাবার চরিত্রে থাকা ববি দেওল। প্রশিক্ষণের নানা ধাপ পেরিয়ে একসময় আলিয়া ঘোষণা দেন, প্রয়োজনে তিনি একাই ‘লঙ্কা জ্বালিয়ে’ দিতে পারবেন। সেই ঘোষণার পরই শুরু হয় টানটান উত্তেজনা আর ধুন্ধুমার অ্যাকশন।
পুরো ট্রেলাজুড়ে আলিয়াকে দেখা যায় রূপের চেয়ে বেশি ক্রোধ আর শক্তির প্রতীক হিসেবে। অ্যাকশন দৃশ্যগুলোতে তিনি ছিলেন স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসী। মারকাটারি সব মুহূর্তের শেষে দর্শকদের জন্য রাখা হয়েছে হৃতিক রোশনের চমকপ্রদ উপস্থিতি।
আলিয়ার পাশাপাশি নজর কেড়েছেন ববি দেওল ও অনিল কাপুরও। ‘অ্যানিমেল’-এর পর আবারও ভয়ংকর ও বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন ববি। অন্যদিকে অনিল কাপুরের চরিত্রে রয়েছে গাম্ভীর্য, ব্যক্তিত্ব ও রহস্যের মিশেল, যা ট্রেলারে আলাদা মাত্রা যোগ করেছে।
বলিউডের স্পাই ইউনিভার্সে ক্যামিও এখন প্রায় অলিখিত নিয়ম। ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’-এর ধারাবাহিকতায় ‘আলফা’ও সেই পথে হেঁটেছে। অনেকেই ভেবেছিলেন আলিয়ার ছবিতে হয়তো দেখা যাবে শাহরুখ খান বা সালমান খানকে। তবে নির্মাতারা সেই প্রত্যাশা ভেঙে চমক হিসেবে হাজির করেছেন হৃতিক রোশনকে।
সাধারণত এ ধরনের বাণিজ্যিক ছবির ট্রেলার কেন্দ্রীয় চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়। তবে ‘আলফা’ সেই দিক থেকে কিছুটা ব্যতিক্রম। আলিয়া ছাড়াও অনিল কাপুর, ববি দেওল এবং আলিয়ার সঙ্গীর চরিত্রে শর্বরী ওয়াঘকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।
Yash Raj Films-এর ব্যানারে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।