পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। উৎসবের আমেজে নিজেকে রাঙিয়ে তুলতে ঈদের আগের দিনই হাতে মেহেদি পরেছেন এই চিত্রনায়িকা। সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের ঈদ প্রস্তুতির আনন্দ।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেহেদি রাঙা হাতের একগুচ্ছ ছবি প্রকাশ করেন মিম। ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত ও উচ্ছ্বসিত দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “Eid glow starts with Mehendi” অর্থাৎ মেহেদির ছোঁয়াতেই শুরু হলো ঈদের উজ্জ্বলতা।
ছবিতে মিমের দুই হাতজুড়ে দেখা গেছে দৃষ্টিনন্দন ও নিখুঁত মেহেদির নকশা, যা সহজেই নজর কেড়েছে ভক্তদের। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ঈদের শুভেচ্ছায় ভরে যায়।
প্রতি ঈদেই সাজসজ্জা ও বিশেষ প্রস্তুতির কারণে আলোচনায় থাকেন মিম। এবারও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের আবহে একদিকে যেমন ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিচ্ছেন, অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার প্রচারণা নিয়েও।
এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে মালিক। সিনেমাটিতে বিদ্যা সিনহা মিমর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।