চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত তার বাসায় মঙ্গলবার (২৬ মে) এ ঘটনা ঘটে। ওই বাসাতেই স্থায়ীভাবে বসবাস করেন এই নায়িকা।
ঘটনার পরদিন কাফরুল থানায় একটি এজাহার দায়ের করেন ববির খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইঞা। অভিযোগে উল্লেখ করা হয়, বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, ডায়মন্ডের নাকফুল, দামি ব্র্যান্ডের হাতঘড়ি ও নগদ অর্থ চুরি হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১২টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এছাড়া ৭টি ডায়মন্ডের নাকফুলের মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন ব্র্যান্ডের ৫টি হাতঘড়ির বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা এবং নগদ ৬ লাখ টাকাও খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৭০ হাজার টাকা।
ঘটনা প্রসঙ্গে এশিয়া পোস্টকে মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইঞা বলেন, চুরির বিষয়টি জানতে পেরেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, খুব দ্রুতই এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।