ঈদুল আজহাকে সামনে রেখে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। তাদের বহুল প্রতীক্ষিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। তারকাখচিত এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, অভিনয়শিল্পী, দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিনোদন সাংবাদিক ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখেরা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তাজমহল’। আগামী ঈদুল আজহার দিন থেকে এটি এক্সক্লুসিভভাবে দেখা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।
ওয়েব ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত ও বাংলাদেশের অভিনেতা ফাইজুল ইয়ামিন। টলিউডে ‘বাঘা যতীন’ ও ‘টেক্কা’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া সৃজা দত্তের সঙ্গে ফাইজুল ইয়ামিনের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
এছাড়া ‘চক্র’ ও ‘নাড়ি’খ্যাত নির্মাতা ওয়াহিদ আনাম দীর্ঘ ২২ বছর পর আবারও পরিচালনায় ফিরেছেন এই ওয়েব ফিল্মের মাধ্যমে। ফলে ‘তাজমহল’ ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। ফিল্মটির পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড পোলার আইসক্রিম।
‘তাজমহল’ প্রসঙ্গে বঙ্গ-এর চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, এই কাজটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ত্যাগ ও আত্মিক সম্পর্কের এক আবেগঘন প্রকাশ। তার ভাষায়, নির্মাতা ওয়াহিদ আনাম ও পুরো অভিনয়শিল্পী দল নিজেদের সেরাটা দিয়েছেন বলেই প্রতিটি দৃশ্য জীবন্ত হয়ে উঠেছে।
দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফেরা নিয়ে ওয়াহিদ আনাম বলেন, তাজমহল শুধু একটি গল্প নয়, এটি এক অনুভূতির নাম। আমরা চেষ্টা করেছি এমন একটি গল্প তুলে ধরতে, যা ভৌগোলিক কিংবা সামাজিক সীমারেখা অতিক্রম করে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে।
বাংলাদেশের ওটিটিতে প্রথম কাজ প্রসঙ্গে সৃজা দত্ত জানান, এটি দুই বাংলার মানুষের আবেগ ও ভালোবাসার গল্প। কাঁটাতারের দুই পাশে থাকা দুই মানুষের সম্পর্ক কীভাবে তৈরি হয় এবং কোথায় গিয়ে পৌঁছায়, সেটাই এই ফিল্মের মূল আকর্ষণ।
অভিনেতা ফাইজুল ইয়ামিন বলেন, এখানে শুধু প্রেম নয়, বন্ধুত্ব, পরিবার ও ত্যাগের বিষয়ও উঠে এসেছে। দর্শকরা ঈদে ভিন্নধর্মী একটি গল্প উপভোগ করবেন বলে আশা করছি।
সব মিলিয়ে প্রেম, আবেগ ও সম্পর্কের এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে এবারের ঈদে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘তাজমহল’।