ঈদে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।
নতুন সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।
টাইম ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির মিশেলে নির্মিত হবে কানাভুলা প্যারাডক্স। সময়, স্মৃতি, সম্পর্ক ও রহস্যকে ঘিরে এগিয়ে যাবে গল্প, যেখানে প্রচলিত গল্প বলার ধারা থেকে বেরিয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করতে চান নির্মাতারা।
সিনেমাটির গল্পের অনুপ্রেরণা এসেছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। উপন্যাসের মূল ভাবনা অক্ষুণ্ন রেখে সেটিকে বড়পর্দার উপযোগী নতুন আঙ্গিকে রূপ দেওয়া হবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে। নির্মাতাদের লক্ষ্য, একই বছরের ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।
উল্লেখ্য, আয়মান আসিব স্বাধীন এর আগে কাইজার ওয়েব সিরিজ এবং উৎসব ও বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রে চিত্রনাট্য ও সংলাপ রচনায় কাজ করেছেন। আর সুস্ময় সরকার একই প্রকল্পগুলোতে গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। এবার সেই অভিজ্ঞতা নিয়েই তারা পরিচালনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।