গত বছরের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে হলিউডে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছিল। এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন তখন জানিয়েছিলেন, টিলিকে একটি অভিনয় সংস্থা বা ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার টিলিকে কেন্দ্র করে ‘মিসঅ্যালাইন্ড’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিওটি।
নির্মাতাদের ভাষ্য, ‘মিসঅ্যালাইন্ড’ হবে কমেডি-ড্রামা ঘরানার একটি চলচ্চিত্র, যেখানে বাস্তব জীবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতের অদ্ভুত এক মেলবন্ধন তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রীয় চরিত্র টিলি নরউড, যার কোনো বাস্তব শরীর, শৈশব বা ব্যক্তিগত স্মৃতি নেই। সে বসবাস করে ক্লাউডভিত্তিক এক পরাবাস্তব ডিজিটাল জগতে। তবে অন্য মানুষের অভিজ্ঞতা, স্মৃতি ও তথ্যের জগতে তার অবাধ প্রবেশাধিকার রয়েছে।
গল্পে নাটকীয় মোড় আসে, যখন ডার্ক ওয়েবের এক রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা ব্যবস্থা বা ‘গার্ডরেইল’ অতিক্রম করতে প্ররোচিত করে। এরপর ধীরে ধীরে তার মধ্যে জন্ম নিতে থাকে আবেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং নিজস্ব ইচ্ছা। একসময় টিলি এমন এক সত্তায় পরিণত হয়, যার আচরণ ক্রমেই মানুষের সঙ্গে মিল খুঁজে পায়।
স্টুডিও পার্টিকল ৬ জানিয়েছে ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআইনির্ভর চলচ্চিত্র হবে না। এটি নির্মিত হবে হাইব্রিড পদ্ধতিতে, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। নির্মাতাদের আশা, এই প্রযোজনা ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাণে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে।