সবুজ ঘাসে পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। এবার সেই ফুটবল কিংবদন্তিকে দেখা গেল একেবারে ভিন্ন এক ভূমিকায়। নিউইয়র্কের আকাশচুম্বী ভবনের মাঝে স্পাইডারম্যানকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। এমনই চমক দেখিয়েছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত মাত্র ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড একটি কফিশপে বসে ফোনে নিজের ব্যক্তিগত নানা সমস্যার কথা বলছেন। ঠিক সেই সময় হাতে একটি বিশেষ জিপিএস ট্র্যাকার নিয়ে সেখানে প্রবেশ করেন মেসি। তার উদ্দেশ্য একটাই, স্পাইডারম্যানকে খুঁজে বের করা। কিছুক্ষণের মধ্যেই পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায়, নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের সঙ্গে জাল ধরে দুলছেন স্বয়ং মেসি। ফুটবল ও সুপারহিরো জগতের এই অপ্রত্যাশিত মিলন মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
আসছে ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ ভিডিও। মার্ভেল বরাবরই তাদের প্রচারণা ও সিনেমায় নানা ‘ইস্টার এগ’ বা গোপন ইঙ্গিত রেখে দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ভিডিওতে মেসির হাতে দেখা যায় একটি বিশেষ ‘স্পাইডি ট্র্যাকার’। এটি সিনেমার দর্শকদের কাছে নতুন মনে হলেও কমিকসপ্রেমীদের জন্য বেশ পরিচিত একটি প্রযুক্তি। ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার নিজেই এই ট্র্যাকার তৈরি করেছিলেন, যা তার ওয়েব-শুটারের সঙ্গে সংযুক্ত ছিল। ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে প্রথম এই ডিভাইস ব্যবহার করা হয়েছিল।
এদিকে মেসির হাতে থাকা ট্র্যাকারের স্ক্রিনও ভক্তদের নজর এড়ায়নি। সেখানে একাধিক লাল বিন্দু দেখা যাওয়ায় অনেকে ধারণা করছেন, নতুন সিনেমায় মাল্টিভার্স থেকে একাধিক স্পাইডারম্যান হাজির হতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মার্ভেল। এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ টোবি ম্যাগুইয়ার, অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছিল দর্শকরা।
জানা গেছে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হবে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। যেখানে পুরো পৃথিবী ভুলে গেছে, পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। এমনকি তার সবচেয়ে কাছের মানুষরাও আর তাকে চিনতে পারেন না। সেই একাকী লড়াইয়ে এবার নিউইয়র্ককে এক অদৃশ্য হুমকি থেকে রক্ষা করতে তার সঙ্গে যোগ দেবেন দ্য পানিশার ও হাল্ক।
সিনেমার প্রচারণায় লিওনেল মেসির এই ব্যতিক্রমী উপস্থিতি প্রকাশের পর থেকেই ফুটবল ও মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওই যেন দুই ভিন্ন জগতের কোটি কোটি অনুরাগীকে এক সুতোয় গেঁথে দিয়েছে।