বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে আজকের দিনটি এক বিশেষ উপলক্ষ। কারণ একই দিনে জন্মদিন পালন করছেন দেশের দুই প্রজন্মের দুই গুণী অভিনেত্রী—ফেরদৌসী মজুমদার ও তার কন্যা ত্রপা মজুমদার। মা-মেয়ের এই বিরল জন্মদিন সংস্কৃতি অঙ্গনের জন্যও এক আনন্দঘন মুহূর্ত।
১৯৪৩ সালের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। যদিও তাদের পৈতৃক নিবাস নোয়াখালীতে, আর বেড়ে ওঠা ঢাকায়। ১৪ ভাইবোনের বড় পরিবারে তার শৈশব কাটে। সেই পরিবারেরই দুই উজ্জ্বল নাম শিক্ষাবিদ কবীর চৌধুরী ও ভাষা আন্দোলনের শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।
রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও ভাইদের অনুপ্রেরণা এবং পরবর্তীতে স্বামী রামেন্দু মজুমদারের সহযোগিতায় সংস্কৃতির জগতে প্রবেশ করেন তিনি। বিশেষ করে মুনীর চৌধুরীর উৎসাহেই মঞ্চনাটকে পথচলা শুরু হয় তার। পরে মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের অভিনয়াঙ্গনের অন্যতম কিংবদন্তি হিসেবে। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা।
অন্যদিকে ১৯৭৩ সালের আজকের দিনেই জন্ম নেন তার একমাত্র কন্যা ত্রপা মজুমদার। বাবা-মায়ের সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে ছোটবেলা থেকেই মঞ্চের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে মঞ্চই তার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আজও সমান নিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তিনি।
মা-মেয়ের একই দিনে জন্মদিন হওয়ার বিষয়টি অবশ্য শুরু থেকেই জানা ছিল না ফেরদৌসী মজুমদারের। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জীবনের প্রথম দিকে জন্মদিন নিয়ে বিশেষ কোনো ভাবনা ছিল না। ত্রপার বয়স যখন ছয়-সাত বছর, তখন একদিন খেয়াল করেন দুজনের জন্মদিন একই দিনে। এরপর থেকেই দিনটি তাদের পরিবারের জন্য বিশেষ তাৎপর্য বহন করতে শুরু করে।
সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও জেনে যান। ফলে প্রতি বছর এই দিনটি এলে শুভেচ্ছা, ভালোবাসা আর শুভকামনায় সিক্ত হন মা ও মেয়ে। জন্মদিনের এই অনন্য মিল যেন তাদের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি সংস্কৃতির উত্তরাধিকারকেও নতুনভাবে তুলে ধরে।