ঢালিউড অভিনেত্রী ববির জীবনে এবারের ঈদুল আজহা আনন্দের বদলে বয়ে এনেছে গভীর বেদনা। রাজধানীর মণিপুরে অবস্থিত তার বাসায় সংঘটিত একটি দুঃসাহসিক চুরির ঘটনায় হারিয়ে গেছে বাবার স্মৃতিবিজড়িত স্বর্ণালংকার, নগদ অর্থ ও বেশ কয়েকটি দামি ঘড়ি।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক পোস্টে চুরির ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। তবে তিনি এটিকে সাধারণ চুরি হিসেবে দেখছেন না। তার মতে, এটি একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত অপরাধী চক্রের কাজ, যারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তেই লুট করে নেয়।
ববি জানান, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল তার প্রয়াত বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার। এছাড়া নগদ টাকা ও কয়েকটি দামি ঘড়িও নিয়ে গেছে চোরেরা। এসবের সঙ্গে শুধু আর্থিক মূল্য নয়, জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা।
অভিনেত্রী লেখেন, “জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।
এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় অভিযোগ দায়ের করা হয়। ববির তথ্য অনুযায়ী, মামলার তদন্তে এখন পর্যন্ত ফারুক নামে এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে এখনো চুরি যাওয়া অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি বলে জানান তিনি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী দ্রুত উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ববি।
পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রীর মোট মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।