প্রায় ২৫ বছর আগে নির্মিত, ইরফান খান ও বিদ্যা বালান অভিনীত সিনেমা দ্য লাস্ট টেন্যান্ট অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে। প্রয়াত অভিনেতা ইরফান খান-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সম্প্রতি সিনেমাটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়, আর প্রকাশের পরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সার্থক দাশগুপ্ত। ২০০০ সালে শুটিং শেষ হলেও পরবর্তীতে মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরে সিনেমাটির মুক্তি অনিশ্চিত ছিল।
পরিচালক একসময় প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন কাজটি নিয়ে। তবে হঠাৎ করেই একটি পুরনো ভিএইচএস কপি উদ্ধার হওয়ায় আবারও নতুন করে প্রাণ ফিরে পায় দ্য লাস্ট টেন্যান্ট।
এত বছর পর সিনেমাটি মুক্তি পাওয়ায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিদ্যা বালান। তিনি বলেন, ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এটিই ছিল তাদের একমাত্র যৌথ কাজ।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক বিপর্যস্ত সঙ্গীতশিল্পীকে ঘিরে, যিনি দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। সেখানে স্মৃতি, সঙ্গীত ও রহস্যময় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় এক ভিন্নধর্মী মানসিক যাত্রা, যা দর্শকদের নিয়ে যায় থ্রিলার ঘরানার অন্য এক অভিজ্ঞতায়।
২০২০ সালের ২৯ এপ্রিল ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান ইরফান খান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই চলতি বছরের ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তি দেওয়া হয় এই সিনেমা। মুক্তির পরপরই এটি নতুন করে আলোচনায় এসেছে এবং দর্শকদের মধ্যে নস্টালজিয়া ও আবেগ তৈরি করেছে।