• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় নার্নিয়ার অভিযান

ডেস্ক নিউজ / ১৫ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

রূপকথার এক রহস্যময় জগৎ নার্নিয়া। যেখানে পশুপাখি মানুষের মতো কথা বলে, পৌরাণিক চরিত্রেরা বিচরণ করে অবাধে, আর জাদুশক্তির প্রভাবে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। এই জাদুময় জগতের গল্প নিয়েই সি এস লিউইস রচনা করেছিলেন সাত খণ্ডের জনপ্রিয় উপন্যাস সিরিজ।

এই গল্প অবলম্বনে এর আগে নির্মিত হয়েছে তিনটি চলচ্চিত্র—‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ (২০০৮) এবং ‘দ্য ভোয়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে নার্নিয়ার গল্প।

প্রায় দেড় যুগ পর নির্মিত হতে যাচ্ছে সিরিজটির নতুন কিস্তি। আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন অ্যান্ড্রু অ্যাডামসন ও মাইকেল অ্যাপটেড। এবার পরিচালকের দায়িত্বে এসেছেন ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ। নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে সিরিজের ষষ্ঠ বই ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’ অবলম্বনে।

২০১৮ সালে নেটফ্লিক্স নার্নিয়ার স্বত্ব কেনার পর থেকেই বড় পরিসরে এই প্রকল্প নিয়ে কাজ শুরু করে। এটি তাদের অন্যতম বড় ও ব্যয়বহুল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রথমদিকে পরিকল্পনা ছিল, সিনেমাটি শুধু নেটফ্লিক্সেই মুক্তি পাবে। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর ২ এপ্রিল থেকে এটি নেটফ্লিক্সে দেখা যাবে।

অভিনয়শিল্পীদের তালিকাও বেশ চমকপ্রদ। সাদা ডাইনির চরিত্রে অভিনয় করছেন এমা ম্যাকি, যিনি গল্পে নার্নিয়াকে দীর্ঘ সময় বরফে আবদ্ধ করে রাখেন এবং শত্রুদের পাথরে পরিণত করেন। এর আগে এই চরিত্রে দেখা গিয়েছিল টিল্ডা সুইনটনকে।

এছাড়া প্রফেসর ডিগরি কির্ক চরিত্রে আছেন ড্যানিয়েল ক্রেইগ, সিংহ আসলানের কণ্ঠে মেরিল স্ট্রিপ এবং মেবেল কার্ক চরিত্রে অভিনয় করছেন কেরি মালিগান।

সব মিলিয়ে নতুন এই সিনেমাকে ঘিরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে নার্নিয়ার জাদুকরী দুনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category