বাংলাদেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র এবার পাচ্ছেন বিশেষ সম্মান। সাবিনা ইয়াসমিন এবং কোহিনূর আখতার সুচন্দা-কে ‘আজীবন সম্মাননা’ দিতে যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসর।
আগামী শুক্রবার (৮ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসছে এই জমকালো আয়োজন। ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে দেশের বিনোদন অঙ্গনের সেরাদের স্বীকৃতি দেওয়া হবে নানা ক্যাটাগরিতে। তবে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকবেন এই দুই গুণী শিল্পী, যাদের দীর্ঘ ক্যারিয়ারের অবদানকে সম্মান জানানো হবে আজীবন সম্মাননার মাধ্যমে।
পুরস্কারটি নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, একজন শিল্পীর জন্য স্বীকৃতি সবসময়ই প্রেরণার উৎস। দেশ-বিদেশে বহু পুরস্কার পেলেও বাইফার এই সম্মাননা তার কাছে আলাদা গুরুত্ব বহন করে, কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে নতুন প্রজন্মের স্বপ্ন ও সৃজনশীলতা।
অন্যদিকে সুচন্দা জানান, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম তাকে মনে রেখেছে—এটাই তার সবচেয়ে বড় পাওয়া। সাধারণত পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও বাইফার এই সম্মাননা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করছেন।
জানা গেছে, এবারের আসরে মোট ২৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে, যেখানে দর্শক ভোট ও জুরি বোর্ডের মূল্যায়নে নির্ধারিত হবে বিজয়ীরা। পাশাপাশি থাকছে তারকাদের পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেট এবং নানা গ্ল্যামারাস আয়োজন।
উল্লেখ্য, বাইফা অ্যাওয়ার্ডে ‘আজীবন সম্মাননা’ চালু হয় তৃতীয় আসর থেকে। এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা এবং শিবলী মহম্মদ। এবার সেই গৌরবময় তালিকায় যুক্ত হচ্ছেন সাবিনা ইয়াসমিন ও সুচন্দা।