• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

লালপরী হয়ে রহস্য ছড়াতে আসছেন স্পর্শিয়া

ডেস্ক নিউজ / ২১ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভিন্নধর্মী চরিত্রে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবার তিনি আসছেন রহস্যময় ‘লালপরী’ হয়ে। জোবায়ের আবির পিয়াল পরিচালিত নতুন নাটক ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’-এ তার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।

নাটকটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। টুকটুকে লাল পোশাকে স্পর্শিয়ার উপস্থিতির পাশাপাশি টিজারের ভৌতিক আবহ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

দর্শকের ইতিবাচক সাড়ায় আনন্দিত স্পর্শিয়া বলেন, একটি কাজের পেছনে শিল্পী ও কলাকুশলীদের অনেক পরিশ্রম থাকে। সেই কাজ দর্শকের ভালো লাগাই তাদের সবচেয়ে বড় অর্জন।

তবে নাটকের গল্প বা ‘লালপরী’ চরিত্রের রহস্য এখনই প্রকাশ করতে রাজি নন তিনি। টিজারের ভৌতিক আবহ প্রসঙ্গে শুধু এতটুকুই জানিয়েছেন, বাংলাদেশে দর্শক নতুন ধরনের একটি কাজ দেখতে যাচ্ছেন।

এদিকে নতুন নাটকের পাশাপাশি শেষের পথে রয়েছে তার আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সেখানে ‘স্পর্শ’ চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন আলাদা জনপ্রিয়তা। প্রায় এক বছর একসঙ্গে কাজ করার পর নাটকটির সমাপ্তি ভাবনাই আবেগী করে তুলছে অভিনেত্রীকে।

তার ভাষায়, শুটিং, আড্ডা আর সহশিল্পীদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি কাজটির সবচেয়ে বড় প্রাপ্তি। তাই বিদায়ের অনুভূতিটাও স্বাভাবিকভাবেই মন খারাপের।

‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৌসিফ মাহবুবের সঙ্গে তার পর্দার রসায়ন নিয়েও দর্শকের আলোচনা রয়েছে। তবে বাস্তব জীবনের সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পর্শিয়া স্পষ্ট করেছেন, দুজনেই বিবাহিত এবং নিজেদের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। দর্শকের এমন মন্তব্যকে তিনি ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করেন।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্পের প্রাক-প্রস্তুতিতেও ব্যস্ত সময় কাটছে তার। এরই মধ্যে তার অভিনীত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ কলকাতার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। উৎসবে উপস্থিত থাকারও পরিকল্পনা রয়েছে স্পর্শিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ