ঢালিউডের পরিচিত মুখ অমিত হাসান। কখনো রোমান্টিক নায়ক, কখনো শক্তিশালী খলচরিত্র, আবার কখনো চরিত্রাভিনেতা হিসেবে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ ৯ সেপ্টেম্বর এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। চলচ্চিত্রে আসার আগে তার আসল নাম ছিল খন্দকার সাইফুর রহমান। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমায় তিনি ‘সাইফুর’ নামেই অভিনয় জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে মরহুম আলমগীর কুমকুম পরিচালিত তার দ্বিতীয় সিনেমা ‘অমর সঙ্গী’-র সময় থেকে তিনি পর্দায় ‘অমিত হাসান’ নাম ব্যবহার শুরু করেন।
নব্বইয়ের দশকের শুরুতেই একক নায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করেন অমিত হাসান। মনোয়ার খোকন পরিচালিত জ্যোতি সিনেমার সাফল্যের পর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি সময়ের জনপ্রিয় নায়কদের কাতারে জায়গা করে নেন। দীর্ঘ অভিনয়জীবনে দেশের শীর্ষ নায়ক-নায়িকাদের সঙ্গে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সময় বদলের সঙ্গে নিজেকেও নতুনভাবে উপস্থাপন করেন এই অভিনেতা। ২০১২ সালে ভালোবাসার রঙ সিনেমার মাধ্যমে খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। নতুন এই রূপেও তিনি দর্শকদের প্রশংসা কুড়ান এবং অ্যাকশন, পারিবারিক, সামাজিক কিংবা রোমান্টিক সব ধরনের গল্পেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পের সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সবসময় সক্রিয়। শিল্পীদের অধিকার ও চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা। চলচ্চিত্রে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় কাটিয়ে এখনও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বউ নিয়ে যুদ্ধ’ চলতি বছর মুক্তি পেয়েছে। জন্মদিনে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত এই বহুমুখী শিল্পীর প্রত্যাশা, সুস্থ থেকে আরও ভালো গল্প ও শক্তিশালী কাজের মাধ্যমে তিনি নিয়মিত দর্শকের সামনে হাজির হবেন।