১৯৯০ সালের ১৯ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন নুরজাহান আক্তার রুনা, যিনি চলচ্চিত্রে ‘সাহারা’ নামেই পরিচিতি পান।
২০০৪ সালে পরিচালক শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হলেও সাহারার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এরপর ‘ভাড়াটে খুনি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে টানা দুটি সিনেমা ব্যর্থ হওয়ায় অনিশ্চয়তায় পড়ে যায় তার পথচলা।
তবে ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগেনি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সাহারা। ছবিটির সাফল্য তাকে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করে দেয়।
পরবর্তীতে বড় বাজেটের সিনেমা ‘বিষাক্ত চোখ’-এ অভিনয়ের সুযোগ পান তিনি। রুবেল ও রিয়াজের সঙ্গে অভিনীত এই সিনেমায় সাহারার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে ‘হায় রে হায়’ গানটিতে তার সাহসী উপস্থাপনা সে সময় ব্যাপক আলোচনা তৈরি করেছিল।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে ব্যস্ত সময় পার করেন সাহারা। ক্যারিয়ারে প্রায় ৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নিজের একটি আলাদা অবস্থানও তৈরি করেছিলেন।
ক্যারিয়ারের সোনালি সময়ে ‘ঢাকা টু বোম্বে’ সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনিরের সঙ্গে সম্পর্কে জড়ান সাহারা। পারিবারিক কিছু বাধা অতিক্রম করে প্রায় তিন বছর প্রেমের পর ২০১৫ সালের জুলাই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের পর ধীরে ধীরে অভিনয়জগত থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন এই অভিনেত্রী। সংসার ও ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়ে আলো ঝলমলে শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান তিনি।
ক্যারিয়ারের শেষ দিকে অ্যাকশন হিরো আলেকজান্ডারের সঙ্গে জুটি বেঁধেও বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেন সাহারা। ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’-এর মতো সিনেমাগুলো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানটি সে সময় বেশ আলোচিত হয়েছিল।
এক সময় যাকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল, সেই সাহারা এখন সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। নেই কোনো চলচ্চিত্রের প্রিমিয়ার, টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। তবুও নব্বই ও দুই হাজার দশকের বাংলা সিনেমার দর্শকদের স্মৃতিতে এখনও উজ্জ্বল হয়ে আছেন এই অভিনেত্রী।