
বাংলা নববর্ষকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী তানিশা ইসলাম সেনিজ ও ফাহাদ আজিজ। ‘কান পেতে শোন’ শিরোনামের এই গানটি প্রকাশ পাবে আগামী ১৫ এপ্রিল, মিউজিক ভিডিওসহ।
গানটির কথা লিখেছেন শিমুল এসবি, আর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ভিডিওটি নির্মাণ করেছেন সায়ান আরজু নন্দী এবং সম্পাদনায় রয়েছেন প্রীতম চক্রবর্তী। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে গানটি প্রকাশ করা হবে নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার রাজদ্বীপ ও অনুজা রায়। ভিডিওটির শুটিংও সম্পন্ন হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে, যেখানে গল্প ও গানের আবহকে মিলিয়ে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা তৈরির চেষ্টা করা হয়েছে।
গানটি নিয়ে সেনিজ বলেন, গানটির কথা ও সুর আমাকে খুব টেনেছে। গাইতে দারুণ লেগেছে। নববর্ষকে ঘিরে গানটি করা, তাই আলাদা একটা অনুভূতি কাজ করেছে। আশা করি শ্রোতারা গানটির সঙ্গে সংযোগ খুঁজে পাবেন, আর ভিডিওটিও তাদের ভালো লাগবে।
‘কান পেতে শোন’ গানটি ১৫ এপ্রিল নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে।
Leave a Reply