
বিনোদন প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার জানিয়েছে, বুধবার মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডালিয়া নওশীন ছিলেন দেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নাম। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নজরুলসংগীতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করে। তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম-এর কন্যা ছিলেন।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সংগীতপ্রেমী ও সহশিল্পীদের কাছে ডালিয়া নওশীন ছিলেন এক অনুপ্রেরণার নাম, যার কণ্ঠ ও অবদান দীর্ঘদিন স্মরণে থাকবে।
Leave a Reply