বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের আহ্বান জানিয়েছেন বাপ্পারাজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কাঁদা ছোড়াছুড়ি নয়, বরং আনন্দমুখর পরিবেশ বজায় রাখাই হওয়া উচিত সবার লক্ষ্য।
বাপ্পারাজের ভাষায়, আমরা সবাই একই পরিবারের মানুষ। শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি হোক সেটা চাই না। আমার প্যানেল ও বিপরীত পক্ষের সবাইকে বলেছি, কেউ যেন কারও বিরুদ্ধে কটু মন্তব্য না করে। সুন্দর ও উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হোক, সেটাই প্রত্যাশা।
অতীতের নানা ঘটনা টেনে নতুন করে বিভাজন তৈরি করারও বিপক্ষে তিনি। তিনি বলেন, আগে কী হয়েছে সেটা নিয়ে আর কথা বলতে চাই না। যা হওয়ার হয়ে গেছে। শিল্পীদের মধ্যে যে সুন্দর সম্পর্ক ও পরিবেশ ছিল, সেটা ফিরিয়ে আনতে চাই।
সংবাদ সম্মেলনে শিল্পীদের বডিগার্ড নিয়ে চলাফেরার বিষয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তার মতে, অনেক ক্ষেত্রেই প্রয়োজনের চেয়ে নিজেদের প্রভাব দেখাতেই নিরাপত্তাকর্মী ব্যবহার করা হয়। তিনি বলেন, আমরা তো কখনো বডিগার্ড নিয়ে চলাফেরা করি না। কিন্তু যারা তেমন কাজই করেনি, কয়েকটা সিনেমাও করেনি, তারাই দুই-তিনজন বডিগার্ড নিয়ে ঘোরে। আসলে শিল্পীদের এসবের প্রয়োজন নেই।
নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার সংস্কৃতিরও সমালোচনা করেন বাপ্পারাজ। তিনি জানান, দায়িত্বে বসার আগেই বড় ঘোষণা দিতে চান না। তার ভাষায়, আমি এখনো শিল্পী সমিতির সেই ঘরে বসিনি। আগে দায়িত্বে বসি, তারপর ভেতরের সমস্যাগুলো বুঝে সিদ্ধান্ত নেব। অতীতে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ কম হয়েছে। আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাই।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ।