দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি-এর বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই পর্দায় দেখা যাবে তাকে। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ এর দ্বিতীয় পর্বে একসঙ্গে কাজ করেছেন তারা।
প্রবাসীদের জীবনসংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতার নানা গল্প নিয়ে নির্মিত এই শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’য় মুক্তি পাবে। এর আগে চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া প্রথম পর্বটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
আন্তর্জাতিক অঙ্গনের একজন প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জায়েদ খান। তিনি বলেন, “জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের লাল-সবুজের পতাকার জন্যও গর্বের বিষয়।
কীভাবে নিউইয়র্কের মেয়র এই প্রজেক্টে যুক্ত হলেন, সেই গল্পও তুলে ধরেন তিনি। জায়েদ জানান, ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেন মেয়রের দপ্তরে প্রজেক্টের বিস্তারিত জানিয়ে ইমেইল করেন। এরপর কিছুদিন অপেক্ষার পর মেয়রের অফিস থেকে শুটিংয়ের সময়সূচি পাওয়া যায়।
শুটিং সেটে মেয়রের আচরণেও মুগ্ধ হয়েছেন এই অভিনেতা। জায়েদের ভাষ্য, তিনি পৃথিবীর অন্যতম আলোচিত ও ক্ষমতাধর মেয়রদের একজন। কিন্তু সেটে তার মাঝে কোনো অহংকার দেখিনি। বরং একজন সাধারণ অভিনেতার মতো পরিচালকের নির্দেশনা মেনে বারবার নিখুঁত শট দেওয়ার চেষ্টা করেছেন। পুরো কাজটি তিনি দারুণ উপভোগও করেছেন।