প্রিয় সহশিল্পী ইলিয়াস কাঞ্চন-এর অসুস্থতার খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী চম্পা। কথা বলতে গিয়েও আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চম্পা বলেন, ‘এটা অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা মেনে নেওয়া যায় না।
এরপর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে কাজ করার সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবারই উনি সেগুলো কাটিয়ে উঠে যুদ্ধ করে সামনে এগিয়ে গেছেন। তাই তার মতো একজন মানুষ এত দ্রুত এভাবে শয্যাশায়ী হয়ে পড়বেন, এটা সত্যিই ভাবা যায় না।
বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। সেই দীর্ঘ পথচলার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, শুটিং করতে গিয়ে একবার উঁচু পাহাড় থেকেও পড়ে গিয়েছিলেন কাঞ্চন। কিন্তু সেখান থেকেও ফিরে এসেছিলেন দৃঢ় মনোবল নিয়ে।
চম্পা বলেন, উনি শুধু একজন অভিনেতা নন, আমাদের সবার জন্য একজন পথপ্রদর্শক। দেশের জন্য কাজ করেছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনেও খুব ধর্মপরায়ণ মানুষ। দেখা হলেই নামাজ পড়ার কথা বলতেন, ভালো ভালো উপদেশ দিতেন।
অভিনেত্রী আরও জানান, অসুস্থতার মধ্যেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন ইলিয়াস কাঞ্চন। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন চম্পা।
উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় সাত মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এই বরেণ্য অভিনেতা।