• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

রহস্যের শেষ অধ্যায় নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

এক যুগ আগে শুরু হয়েছিল এক সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের গল্প। ২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ শুধু একটি থ্রিলার ছিল না, ছিল পরিবারকে রক্ষা করার মরিয়া সংগ্রামের গল্পও। জর্জকুট্টি নামের এক কেবল অপারেটরের বুদ্ধি, সাহস আর পরিবারের প্রতি দায়বদ্ধতা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এরপর বিভিন্ন ভাষায় রিমেক হওয়ার পাশাপাশি ২০২১ সালে আসে দ্বিতীয় পর্ব। এবার সেই বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’।

মোহনলালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আগামী ২১ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে শনিবার প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত ট্রেলার। ২ মিনিট ৫ সেকেন্ডের সেই ঝলক ইতোমধ্যেই দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

নতুন ট্রেলারে আগের চেনা আত্মবিশ্বাসী জর্জকুট্টিকে দেখা যায় অনেকটাই ভেঙে পড়া অবস্থায়। পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও অতীত যেন এখনও তাকে তাড়া করে ফিরছে। পুলিশের পুনরায় তৎপরতা এবং রহস্য ঘিরে বাড়তে থাকা চাপ ইঙ্গিত দিচ্ছে, পুরোনো সেই ঘটনা এখনও শেষ হয়নি।

এবার শুধু আইনি জটিলতাই নয়, জর্জকুট্টিকে পড়তে হচ্ছে সামাজিক ও মানসিক চাপের মুখেও। ট্রেলারে দেখা যায়, ঘটনাটি রূপ নিয়েছে মিডিয়া ট্রায়ালে। চারপাশের মানুষ, পুলিশ এবং তদন্তকারীরা আবারও সেই কবর ও মরদেহের রহস্য খুঁজতে শুরু করেছে।

ভারাইটি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম ৩’-এ জর্জকুট্টির বিবেক ও মানসিক দ্বন্দ্ব বড় ভূমিকা রাখবে। নির্মাতাদের দাবি, এটি হবে পুরো ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে আবেগঘন এবং চূড়ান্ত সমাপ্তির গল্প।

জিতু জোসেফ পরিচালিত সিনেমাটিতে মোহনলালের পাশাপাশি ফিরছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। অন্যদিকে, অজয় দেবগন অভিনীত হিন্দি রিমেকের তৃতীয় কিস্তির কাজও প্রায় শেষ। জানা গেছে, চলতি বছরের ২ অক্টোবর সেটিও মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category