তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। প্রথমবার রাজনীতির মাঠে নেমেই তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন এবং সর্বশেষ প্রাপ্ত ফলাফলে তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে রয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-এর তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে টিভিকে এখন পর্যন্ত ৮৭টি আসনে এগিয়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এআইএডিএমকে জোট, তাদের দখলে ৭৫টি আসন। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দ্রাভিদা মুনেত্রা কাজাগাম (ডিএমকে) জোট, যারা বর্তমানে মাত্র ৫৪টি আসনে এগিয়ে আছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন বিজয়। তখনই তিনি স্পষ্ট করেছিলেন, এটি তার জন্য কোনো সাময়িক আগ্রহ নয়; বরং জনগণের জন্য কাজ করার একটি লক্ষ্য। অভিনয়জীবনের জনপ্রিয়তাকে ভিত্তি করে প্রথম নির্বাচনে অংশ নিয়েই তিনি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে চাপে ফেলেছেন।
বিশ্লেষকদের মতে, বিজয়ের এই উত্থান তামিল রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। তার দলের নির্বাচনী ইশতেহারে তরুণ সমাজ, নারী এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এখন দেখার বিষয়, এই অগ্রগতি ধরে রেখে বিজয় শেষ পর্যন্ত সরকার গঠনের পথে যেতে পারেন কি না। তার নেতৃত্বে শুরু হওয়া ‘হুইসেল’ ধারা তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে কিনা, তা নিয়েই চলছে জোর আলোচনা।