• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

‘টক্সিক’ ঘিরে নতুন বিতর্ক, রোমান্টিক দৃশ্যে আপত্তি কিয়ারা আদভানির

ডেস্ক নিউজ / ২৩ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

কন্নড় সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন সিনেমাটির অন্যতম প্রধান অভিনেত্রী কিয়ারা আদভানি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তিনি নির্মাতাদের কাছে আপত্তি জানিয়েছেন। তেলেগু সংবাদমাধ্যম ‘গুল্টে’-র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কিয়ারা সিনেমাটির ফাইনাল এডিট দেখে নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে অস্বস্তি প্রকাশ করেন।

জানা গেছে, যশের সঙ্গে একটি রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় কিয়ারাকে আশ্বস্ত করা হয়েছিল যে, সেটি সংযত ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উপস্থাপন করা হবে। তবে চূড়ান্ত সংস্করণ দেখার পর তাঁর মনে হয়েছে, পর্দায় দৃশ্যটির উপস্থাপন আগের প্রতিশ্রুতির তুলনায় বেশি তীব্র হয়ে উঠেছে। এ কারণে তিনি নির্মাতাদের অনুরোধ করেছেন দৃশ্যটি সম্পাদনা করে ছোট করা হোক অথবা আরও সংযতভাবে উপস্থাপন করে চূড়ান্ত কাটে রাখা হোক।

‘টক্সিক’ ঘিরে আগেই বিতর্ক

এর আগেও সিনেমাটি আলোচনার বাইরে ছিল না। যশের জন্মদিনে প্রকাশিত টিজার মুক্তির পর থেকেই ছবিটি ঘিরে সমালোচনা শুরু হয়। সেখানে যশকে ‘রায়া’ নামের এক গ্যাংস্টার চরিত্রে দেখা যায়, আর একটি দৃশ্যে সমাধিস্থলের কাছে গাড়ির ভেতর বোল্ড শট ব্যবহার করা হয়।

এই উপস্থাপনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বলেন, সিনেমার ভিজ্যুয়াল টোন গল্পের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

এর মধ্যেই কিয়ারা আদভানির নতুন আপত্তির খবর ছবিটিকে ঘিরে চাপ আরও বাড়িয়েছে, যা মুক্তির আগেই ‘টক্সিক’-কে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category