বাংলাদেশ চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের জন্মদিন ঘিরে ছিল প্রাণবন্ত আয়োজন। গতকাল তার এই বিশেষ দিনটি চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে যেন এক মিলনমেলায় পরিণত হয়।
জন্মদিনে রুবেলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী, খল অভিনেতা শিবা শানু, জ্যাকি আলমগীর ও সুব্রতসহ আরও অনেকে। সবার ভালোবাসা ও আন্তরিকতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন এই জনপ্রিয় অভিনেতা।
এদিকে সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘনিয়ে আসায় আয়োজনটি পায় বাড়তি গুরুত্ব। ২০২৪-২৬ মেয়াদের মিশা-ডিপজল কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসন্ন এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি বলেন, “আমাদের প্যানেল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তফসিল ঘোষণার পরপরই তারকানির্ভর প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেব। আশা করছি, বরাবরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শিল্পীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে, একই পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। ফলে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
রুবেলের জন্মদিনের আয়োজনে জয় চৌধুরীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে নিজের স্নেহ ও আস্থার কথা তুলে ধরেন তিনি। রুবেল বলেন, “জয় আমার সহকর্মীই শুধু নয়, সে আমার খুব কাছের মানুষ—ভাইয়ের মতো, কখনও ছাত্রের মতো, আবার সন্তানের মতোও মনে হয়। ওদের প্রতি আমার বিশ্বাস সবসময়ই নিঃশর্ত। সামনে যাই আসুক, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।