
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: চক্র সিজন ১-এর সাফল্যের ধারাবাহিকতায় এবার দর্শকদের সামনে এসেছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। রহস্য, মানসিক টানাপোড়েন, অন্ধকার মনস্তত্ত্ব এবং থ্রিলের নতুন স্তর নিয়ে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
১৭ বছর আগে ময়মনসিংহের এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’র আলোচিত ঘটনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে প্রথম সিজনের গল্প নির্মিত হয়েছিল। সেই কাহিনির আবহ ও রহস্যকে আরও বিস্তৃত করে এবার পর্দায় এসেছে ‘চক্র ২’, যেখানে উত্তেজনা ও সাইকোলজিক্যাল সাসপেন্স আরও ঘনীভূত হয়েছে।
ঈদ উপলক্ষে আইস্ক্রিন-এর বিশেষ আয়োজনের অংশ হিসেবে গত ২৬ মার্চ মুক্তি পায় ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের এই ওয়েব সিরিজ। মুক্তির অল্প সময়ের মধ্যেই এটি ওটিটি দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ‘চক্র ২’ ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে, আর সিরিজটি উপভোগ করেছেন প্রায় ১ লাখ দর্শক। নির্মাতা ও প্ল্যাটফর্ম সংশ্লিষ্টদের মতে, এটি শুধু ভিউয়ের হিসাবেই নয়, দর্শক প্রতিক্রিয়ার দিক থেকেও একটি উল্লেখযোগ্য সাফল্য।
এই সাফল্য উদযাপন করতে আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন সিরিজটির নির্মাতা, অভিনয়শিল্পী ও সংশ্লিষ্ট কলাকুশলীরা। তারা শুটিংয়ের অভিজ্ঞতা, চরিত্র নির্মাণের প্রক্রিয়া এবং মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়াও নির্মাতা ভিকি জাহেদ এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ ও গাজী রাকায়েত সিরিজটি ঘিরে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।
‘চক্র ২’-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মোমেনা চৌধুরীসহ অনেকে। শক্তিশালী পারফরম্যান্স, মনস্তাত্ত্বিক রহস্য আর দৃশ্যায়নের ঘন আবহ মিলিয়ে সিরিজটি দর্শকদের কাছে হয়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা।
সিরিজটি দেখতে হলে আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে দর্শকদের জন্য রাখা হয়েছে আরেকটি সহজ সুযোগও। সাবস্ক্রিপশন ছাড়াই মাত্র ২৫ টাকায় দেখা যাবে ৮ পর্বের পুরো ‘চক্র ২’, শুধুমাত্র আইস্ক্রিনে।
Leave a Reply