
অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন বই ‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’। এটি একটি ইসলামিক শিশুকিশোর গল্পগ্রন্থ, যেখানে শিশুদের জন্য নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক নানা গল্প তুলে ধরা হয়েছে সহজ ও আকর্ষণীয় ভাষায়।
গ্রন্থটিতে দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত মোট ১৩টি নির্বাচিত গল্প সংকলিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী বাইজিদ আহমেদ। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইমেলায় অনিন্দ্য প্রকাশের ৫৬৫ ও ৫৬৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল নিয়মিত খবর পাঠ ও আবৃত্তির সঙ্গেও যুক্ত। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি বই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— ‘চোরাবালির বাসিন্দা’, ‘গণিত মামার চামচ রহস্য’, ‘ভূত যখন বিজ্ঞানী’, ‘নান্টু ঝান্টুর বক্স রহস্য’ এবং ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’। পাঠকদের আগ্রহ ও বিক্রির দিক থেকে এসব বই সফল হওয়ায় তিনি একজন বেস্টসেলার লেখিকা হিসেবে পরিচিতি পেয়েছেন।
শুধু বাংলাদেশেই নয়, ভারতের কলকাতা বইমেলাতেও তাঁর বই প্রকাশিত হয়েছে। ২০২২ সালে সেখানে প্রকাশিত হয় তাঁর অনুগল্পের বই ‘নরকে আলিঙ্গন’।
নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “আমি এবারের বইমেলায় একটি ইসলামিক গল্পের বই প্রকাশ করেছি। কারণ বর্তমানে অনেক সময় ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। তাই মুসলিম লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশু বয়স থেকেই এসব মূল্যবোধ জানা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “এটি আমার ১৭তম বই। আমার বেশিরভাগ বইই পাঠকদের ভালোবাসা পেয়েছে। শিশুসাহিত্য লেখা খুব সহজ নয়, কারণ শিশুদের মন ও কল্পনার সঙ্গে মিল রেখে লিখতে হয়। এই বই নিয়েও আমি পাঠক মহলে অনেক আশাবাদী।
সব মিলিয়ে ‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’ শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক একটি বই।
উল্লেখ্য, শাম্মী তুলতুল একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেছেন। সেই পারিবারিক ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিবেশ থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা তাঁর চিন্তা ও সৃষ্টিতে প্রতিফলিত হয়েছে।
Leave a Reply