বিনোদন ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এলো চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’–এর অফিশিয়াল পোস্টার। গেল রবিবার (৫ এপ্রিল) পোস্টারটি প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছে ফিল্মটি ঘিরে। পোস্টারে এক ঝলকেই বোঝা যায়, গল্পের কেন্দ্রে রয়েছে চা বাগান এবং সেই জগতের মানুষদের জীবন।
ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, যিনি বরাবরই প্রচলিত গল্প বলার বাইরে গিয়ে নিজস্ব ঢঙে নির্মাণ করতে স্বচ্ছন্দ। তার কাজের ধরন আগেই নজর কেড়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ এবং বড় পর্দার চলচ্চিত্র ‘প্রিয় মালতী’–তে। সেই ধারাবাহিকতায় এবার তিনি দর্শকদের নিয়ে যেতে চান চা বাগানের ভেতরের এক অচেনা বাস্তবতায়।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের গল্পে চা বাগানকে বেশিরভাগ সময়ই কেবল নান্দনিক পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ‘চা গরম’-এ তিনি সেই চেনা সৌন্দর্যের বাইরেও দেখতে চেয়েছেন আরেকটি জগৎ। শঙ্খ দাশগুপ্ত বলেন, চা বাগানকে শুধু সুন্দর লোকেশন হিসেবে দেখানোর বদলে তিনি চেয়েছেন সেখানে বসবাস করা শ্রমজীবী মানুষের জীবন, সংগ্রাম, বাস্তবতা এবং অদেখা দিকগুলো সামনে আনতে।
তিনি আরও জানান, গল্প তৈরির প্রয়োজনে যখন তিনি চা বাগানের ভেতরে গিয়ে সময় কাটাতে শুরু করেন, তখনই উপলব্ধি করেন এই জগত সম্পর্কে তার নিজের জানাশোনাও খুব সীমিত। শুধু তিনিই নন, সাধারণ মানুষও চা বাগানের মানুষদের জীবন সম্পর্কে খুব বেশি জানেন না। সেই না-জানা বাস্তবতা, অবহেলিত গল্প আর অন্তর্লোকের অভিজ্ঞতাই তিনি এবার পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন।
চরকি সূত্রে জানা গেছে, ‘চা গরম’ মুক্তি পাবে বাংলা নববর্ষকে সামনে রেখে, আগামী ১৪ এপ্রিল। বৈশাখ মানেই নতুন করে শুরু করার আহ্বান, পুরোনো গ্লানি ঝেড়ে নতুন দিনের প্রত্যাশা। এই আবহের সঙ্গে ফিল্মটির ভাবনাগত কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে নির্মাতা স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত মিলেছে, গল্পের ভেতরে অনুপ্রেরণার একটি শক্তিশালী সুর থাকছে।
ফিল্মটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতিসহ আরও অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন এ কে আজাদ সেতু। আর এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।
প্রকাশিত পোস্টারে চরিত্রগুলোর গভীরতা বা তাদের সম্পর্ক সম্পর্কে খুব বেশি ধারণা না মিললেও সেটিই যেন কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ফলে এখন দর্শকদের অপেক্ষা টিজার কিংবা ট্রেলারের, যেখানে হয়তো গল্পের আবহ, চরিত্রের টানাপোড়েন এবং ফিল্মটির মূল সুর সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এদিকে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, ‘চা গরম’ কেবল একটি গল্প নয়, এটি মূলত নতুন করে ভাবার, ঘুরে দাঁড়ানোর এবং অনুপ্রেরণা খুঁজে পাওয়ার এক যাত্রা। তার ভাষায়, বৈশাখ যেমন ব্যক্তি ও জাতীয় জীবনে নতুন শুরুর বার্তা নিয়ে আসে, তেমনি এই কনটেন্টের মাধ্যমেও তারা দর্শকদের মধ্যে সেই ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে চান।
সব মিলিয়ে, ‘চা গরম’ শুধু চা বাগানের সৌন্দর্য নয়, বরং তার অন্তরালের জীবন, মানুষ আর অজানা বাস্তবতাকে সামনে আনার একটি ভিন্নধর্মী প্রয়াস বলেই মনে হচ্ছে। এখন দেখার বিষয়, পোস্টার ঘিরে তৈরি হওয়া কৌতূহল মুক্তির পর দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।